পাঁচ হাজার ‘এক্সোপ্ল্যানেট’ মাইলফলকে নাসা
ছায়াপথে আছে শত কোটিরও বেশি। এর মধ্যে গত এক দশকে পাঁচ হাজার ‘এক্সোপ্ল্যানেট’-এর মাইলফলক নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ গবেষণায় নতুন মাইলফলকের ঘোষণা দিয়েছে ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি (জেপিএল)’।
‘এক্সোপ্ল্যানেট আর্কাইভ’ প্রধান জেসি ক্রিশ্চিয়ানসেন সোমবার দেয়া বিবৃতিতে বলেছেন, “এটা শুধু সংখ্যা নয়, এদের প্রত্যেকটিই নতুন পৃথিবী, নতুন গ্রহ। আমি এদের প্রতিটির জন্য উচ্ছসিত কারণ আমরা এদের সম্পর্কে কিছুই জানি না।”
গবেষণাগারটি থেকে জানানো হয়েছে, নাসার ‘এক্সোপ্ল্যানেট আর্কাইভ’-এ সৌরজগতের বাইরের নতুন ৬৫টি গ্রহ যোগ হয়েছে। এতে গবেষণা সংস্থাটিতে উৎসবের আমেজ এসেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। খবরে বলা হয়েছে, বর্তমানে অবসরপ্রাপ্ত ‘কেপলার স্পেস টেলিস্কোপ’ এবং হালের ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ (TESS) এর সাহায্যে গবেষকদের পরিশ্রম ও ডেটা সংগ্রহের কারণে দূরের গ্রহগুলো খুঁজে পাওয়া সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, প্রথম ‘এক্সোপ্ল্যানেট’-এর সন্ধান মিলেছিল নব্বই দশকের শুরুতে। অর্থাৎ, নতুন নতুন ‘এক্সোপ্ল্যানেট’-এর সন্ধান মিলছে বেশ দ্রুতগতিতেই। নাসা আর্কাইভে চার হাজার ‘এক্সোপ্ল্যানেট’ যোগ করার ঘোষণা দিয়েছিল ২০১৯ সালের জুন মাসে অর্থাৎ। তিন বছরেরও কম সময়ে আরও এক হাজার গ্রহ যোগ হলো আর্কাইভটিতে।